মুন্সীগঞ্জে আলুর বহুমুখী ব্যবহার বিষয়ক উদ্যোক্তা উন্নয়ন সমাবেশ
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৫:৪২ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘আলুর বহুমুখী ব্যবহার, সম্ভাবনার নতুন বাংলাদেশ’ বিষয়ক উদ্যোক্তা উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তর মুন্সীগঞ্জের আয়োজনে উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুন্সীগঞ্জের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদ এর প্রশাসক এ. কে. এম. ইরাদত এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ উদ্যোক্তা উন্নয়ন সমাবেশ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের তৈরি নানাবিধ পণ্য ঘুরে দেখেন। এসময় তারা উদ্যোক্তাদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন এবং স্থানীয় পর্যায়ে কৃষিভিত্তিক উদ্ভাবনী পণ্যের প্রসারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা আলুর বহুমুখী ব্যবহার, প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা আলুভিত্তিক শিল্পায়নের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারি সহায়তা, প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। এর মাধ্যমে উদ্যোক্তাদের উৎসাহ ও প্রেরণা জোগানো হয়, যা ভবিষ্যতে কৃষিভিত্তিক শিল্প ও উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
