শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৭:৪৭ | অনলাইন সংস্করণ

  লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে পঞ্চম শ্রেনীর স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে অনাথ চন্দ্র বর্ম্মন (৪২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন 

সোমবার দুপুরে লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক (দায়রা জজ) নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত অনাথ চন্দ্র বর্ম্মন লালমনিরহাট পৌরসভার পূর্ব সাপ্টানা মাঝাপাড়া এলাকার কামিনী কান্ত বর্ম্মনের ছেলে।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৬ মে বিকেলে প্রতিবেশী অনাথ চন্দ্র বর্ম্মন ভুক্তভোগী শিশুটি বাড়িতে একা পেয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বাবা-মা বাড়ি ফিরে উঠানে রক্তাক্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। তাকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওইদিনই শিশুটির বাবা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ৩ জুন অনাথ চন্দ্র বর্ম্মনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। তদন্ত শেষে ২৯ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত রায় ঘোষণা করেন। রায়ে হাজতবাসের সময়কে সাজা থেকে বাদ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

লালমনিরহাট আদালত পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম জানান, রায় ঘোষণার পর আসামিকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীর৷ পরিবার।