ঠাকুরগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, ২ বন্ধু নিহত

প্রকাশ : ২০ মে ২০২৬, ১২:৪৯ | অনলাইন সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও শহরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে দুই তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকাল ৭টার দিকে শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই বন্ধু মোটরসাইকেলে করে দ্রুতগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকার একটি মোড় পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে মোটরসাইকেলটি রাস্তার পাশের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান।

দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই ঋত্বিক মারা যান। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা গুরুতর আহত আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সকালে সড়ক ফাঁকা থাকায় মোটরসাইকেলটির গতি অনেক বেশি ছিল। একটি বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা গেছেন এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দুই তরুণ বন্ধুর আকস্মিক মৃত্যুতে মথুরাপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।