সরাইলে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ২০ মে ২০২৬, ১৮:৩৮ | অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গলানিয়া গ্রামের আলী মিয়ার বাড়িতে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। দুপুরের দিকে ট্যাংকের ভেতরে থাকা দুই শ্রমিকের কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে তাদের খুঁজতে আরও দুই শ্রমিক ভেতরে নামেন। এরপর তাদেরও কোনো সাড়া না মেলায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ট্যাংকের ভেতর থেকে চার শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফারুক আহমেদ জানান, বিকেল সাড়ে তিনটার দিকে তারা খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করা হয়। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চারটি মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে বিদ্যুতের লাইন নিয়ে কাজ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে।
