অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা-চাঁদপুর রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা

প্রকাশ : ২১ মে ২০২৬, ০৭:০৭ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাস বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা-চাঁদপুর রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভা বলাখাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পরিবহন শ্রমিকদের দাবি, অজ্ঞাতনামা দুর্বৃত্তদের অতর্কিত হামলায় তাদের ১৫টি বাস ভাঙচুরের শিকার  হয়েছে এবং অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন। তবে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত অবস্থায় ১২ জন চিকিৎসা নিয়েছেন। যাদের মধ্যে ৫ জনকে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন শ্রমিকরা জানান, স্কুল মাঠে রাখা বাসগুলোতে থাকা শ্রমিকদের উপর হঠাৎ অন্ধকারের মধ্যে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এসময় শ্রমিকদের মারধরের পাশাপাশি একের পর এক বাস ভাঙচুর করা হয়।

বোগদাদ পরিবহনের সুপারভাইজার ইউসুফ ও ওমর ফারুকসহ কয়েকজন শ্রমিক জানান, হামলার ঘটনায় পরিবহন শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত ও বিচারের দাবি জানান।