রংপুরে ইয়াবা, ল্যাপটপ ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ২১ মে ২০২৬, ২১:৫৫ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবা, একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার গভীর রাতে মহানগরীর মাহিগঞ্জ এলাকার গোসাইবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মহানগরীর নিউজ জুম্মাপাড়া এলাকার আবুল কালামের ছেলে শাহজাহান কামাল মানিক (৪১), হারাগাছ থানার দক্ষিণ বাহার কাছনা এলাকার বাদশা মিয়ার ছেলে রাজু মিয়া (৩৫) এবং মিঠাপুকুর উপজেলার বাতাসন দুর্গাপুর এলাকার আব্দুল হামিদ রাজার ছেলে ফজলুল হক (৪৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। নগরবাসীর সহযোগিতায় রংপুর মহানগরকে নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে অপর এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে মাদকবিরোধী অভিযান, চাঁদাবাজ গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল ও আইন-শৃঙ্খলা রক্ষায় আরপিএমপির বিশেষ অভিযানে ২৭ জন আসামি গ্রেপ্তার হয়েছে।