চট্টগ্রামে শিশুধর্ষককে নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষ

প্রকাশ : ২১ মে ২০২৬, ২৩:২৩ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানালে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল ও টিয়ারশেল নিক্ষেপ, মাঝে মাঝে ফাঁকা গুলি ছোঁড়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল থেকে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা আবু জাফর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলের দিকে চেয়ারম্যান ঘাটা এলাকার একটি ভবনের  সিঁড়িঘরে শিশুটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে ঘটনাস্থলে যায় বাকলিয়া থানার পুলিশ। অভিযুক্তকে ভবন থেকে বের করে আনার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে ফেলে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের পিছু হটে ভবনের ভেতরে অবস্থান নিতে হয়। বাইরে কয়েকশ' মানুষ তখন স্লোগান দিতে থাকে। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় তারা।

এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী মাইকিং করে জনসাধারণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানায়। অভিযুক্তকে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।