চুয়াডাঙ্গায় ৪ কেজি রুপার গয়নাসহ নারী আটক
প্রকাশ : ২২ মে ২০২৬, ১০:৫৭ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার শহরের রেলস্টেশন সংলগ্ন নান্টু রাজ সিনেমা হলের সামনে থেকে ৪ কেজি ১ শ’ গ্রাম রুপার গয়নাসহ রিজিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধ নারীকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়। আটক রিজিয়া বেগম দামুড়হুদা উপজেলার দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত শাহাজান আলীর স্ত্রী।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরের রেলস্টেশন সংলগ্ন নান্টু রাজ সিনেমা হলের কাছে ওৎ পেতে ছিলেন। এ সময় ঢাকা থেকে ট্রেনে রিজিয়া বেগম চুয়াডাঙ্গা রেলস্টেশনে নামেন। এরপর তিনি ভ্যানে করে যাওয়ার পথে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
পরে তার দেহ তল্লাশি করে ৪ কেজি ১ শ’ গ্রাম রুপার গয়না উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
