দিনাজপুরে মোটরসাইকেলকে চাপা দিয়ে পালালো ট্রাক, নিহত ৩

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১১:২০ | অনলাইন সংস্করণ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একটি মোটরসাইকেলে তিনজন ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ট্রাকের চাপায় তিন যুবকের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। একই সঙ্গে নিহতদের পরিচয় নিশ্চিতের কাজও চলছে।

তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।