পটিয়ায় বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৬:২৬ | অনলাইন সংস্করণ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পটিয়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া কমল মুন্সির হাট আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার কচুয়ায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের শেখ মোহাম্মদ পাড়ার জাহেদুল আলমের পুত্র মো. ওয়ালীদ আল তাজনিম (১৭) ও একই এলাকার আকতার হোসেনের পুত্র শাহাদাত হোসেন সামি (১৬)। নিহত শাহাদাত হোসেন সামি চক্রশালা ইউনিয়ন কৃষি স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র ও অপরজন তাজনিম আব্দুল সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র ছিলেন।
আহত হয়েছেন তানভীর জয় (১৮) নামের আরো একজন। তাকে পটিয়া হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত তানভীর জয় চক্রশালা ইউনিয়ন কৃষি স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের বেপরোয়া গতির একটি বাস মোটরসাইকেল আরোহী তিনজনকে চাপা দিলে ঘটনাস্থলে একজন মারা যায় এবং পরে পটিয়া হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যায়। ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করেছে। মোটরসাইকেল ও বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
