দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৬:৪৭ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৩ মে) সকালে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ঘোড়াঘাট উপজেলার নুরপুর গ্রামের মো. আব্দুল মোশারফের ছেলে আলামিন (১৫), একই উপজেলার মোখলেসপুর গ্রামের সালিম উদ্দিনের ছেলে সৈকত (১৬) ও আফসারাবাদ কলোনি গ্রামের সালিম উদ্দিনের ছেলে কাইয়ুম (২০)।

জানা যায়, একটি দিনাজপুরগামী মালবাহী ট্রাকের সঙ্গে লোকাল রোড থেকে পাকা সড়কে উঠতে থাকা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি সড়কের ওপর ছিটকে পড়ে। মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অপর দুইজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বক্ষণিক তদারকি ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

এদিকে ঘোড়াঘাট থানা পুলিশ জানায়, ঘটনাটির প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।