চুয়াডাঙ্গায় ইয়াবাসহ আটক ২
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৭:০২ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার সদর উপজেলার দর্শনা থানাধীন নেহালপুর গ্রাম থেকে ১৫ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) ভোর ৪টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— উপজেলার নেহালপুর গ্রামের শান্তি মিয়ার ছেলে সুজন (৩২) ও একই উপজেলার কোটালী গ্রামের দীন মোহাম্মদের ছেলে নাসির উদ্দিন (২৪) ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরের দিকে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানার নেতৃত্বে এস আই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার নেহালপুর গ্রামস্থ লাল মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদেরকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
দর্শনা থানাঘাট কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
