যমুনা সেতুতে একদিনে সোয়া ৩ কোটি টাকা টোল আদায়
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৮:১৩ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

আসন্ন পবিত্র কোরবানির ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। সরকারি ছুটির ২ দিন আগে থেকেই যমুনা সেতুতে যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ বেড়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় এ সেতু দিয়ে প্রায় ৩৫ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় সোয়া ৩ কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল থেকে সেতু দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা বাড়তে থাকে। গত ২৪ ঘন্টায় সেতু দিয়ে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয়েছে এবং সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪’শ টাকা। ঈদযাত্রায় যানবাহনের চাপ সামলাতে ও দ্রুত টোল আদায়ে শনিবার সকাল থেকে আরো ৪টি বুথ বাড়িয়ে ১৮টি টোল বুথ চালু করা হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু আলোকিত বাংলাদেশকে বলেন, পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ঈদ ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত ও মহাসড়কে যানজট নিরসনে ৬ শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে।
এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে বলে তিনি উল্লেখ করেন।
