মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১৭:৫৯ | অনলাইন সংস্করণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (২৪ মে) দুপুরে উপজেলার শূন্যরেখার ৪১ ও ৪২ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভালুকিয়া পাড়া এলাকার সুনিয়ং চাকমার ছেলে লেড়াইয়া (৪১), মৃত নিওমং চাকমার ছেলে অংকে মং (৫০) এবং অইমং চাকমার ছেলে চিংকা অং।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তসংলগ্ন নিজেদের কৃষিজমি পরিচর্যার কাজে প্রায়ই ওই এলাকায় যেতেন তারা। রোববার দুপুরে একই উদ্দেশ্যে সেখানে গেলে হঠাৎ স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।