যমুনা সেতুতে একদিনে ৩ কোটি টাকা টোল আদায়

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১৮:০৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের যমুনা সেতু দিয়ে উত্তরবঙ্গগামী ঈদ ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। এতে গত ২৪ ঘন্টায় প্রায় ৩৩ হাজার যানবাহন সেতু পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে শুক্রবার বিকেল থেকে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। এতে উত্তরবঙ্গগামী সিরাজগঞ্জের যমুনা সেতুতে যানবাহনের চাপ বাড়ছে। গত ২৪ ঘন্টায় সেতুতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯’শ টাকা। এর মধ্যে যমুনা সেতু পশ্চিম টোলপ্লাজায় টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা এবং পূর্ব টোলপ্লাজায় আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা।

সেতুতে যানবাহনের চাপ ও টোল আদায় আরো বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।