সারাদেশে শিশু ধর্ষণের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১৯:০৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

শিশু রামিসাসহ সারাদেশে শিশু, নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া বাজার এলাকায় মানববন্ধন করা হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরের দিকে স্থানীয় ভূমিহীন সংগঠনের উদ্যোগে নিজেরা করি সংস্থার সহযোগিতায় এ মানববন্ধন করা হয়।

এতে বক্তব্য রাখেন ওই ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আবু হাসেম, সহ-সম্পাদক রিনা বেগম, ভূমিহীন সাংস্কৃতিক দলের সভাপতি কবির হোসেন, নিজেরা করি সংস্থার অঞ্চল সমন্বয়ক আছাবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে শিশু ও নারী ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় এখনও বিচার হয়নি। এমন হত্যাকাণ্ড নিয়ে সারাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে। রামিসাসহ এসব ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা এমন জঘন্য অপরাধ করার সাহস পাচ্ছে। এসব অপরাধ বন্ধে দ্রুত বিচার করতে হবে এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে।

এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।