নোয়াখালীতে মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ : ২৪ মে ২০২৬, ২১:০৬ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে মাদক বিক্রির প্রতিবাদ করায় দুই জনকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ তুলে তার প্রতিবাদ এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। 

রোববার (২৪ মে) দুপুরে নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে পূর্ব চরএলাহীতে সাধারণ মানুষ এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

এতে বক্তারা বলেন, হুসনেহারা বেগম সকিনা ও তার পরিবার সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় অসামাজিক কার্যকলাপ ও মাদক বিক্রি করে আসছে। এসবের প্রভাবে এলাকায় যুব ও শিক্ষার্থী সমাজ ক্ষতিগস্থ হচ্ছে। স্থানীয়রা এর প্রতিবাদ করলে হৃদয় ও রাসেল নামে দুইজনকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার এবং স্থানীয় সাধারণ মানুষদের হয়রানি করে যাচ্ছে তারা।

বিক্ষোভকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচারের দাবি করেন।

এ ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ আরিফ হোসেন জানান, ঘটনাটি আদালতে চলে গেছে, আদালতের ব্যাপারে আমাদের কিছু করার নেই। তবে পুলিশ যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে।