ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১২:১০ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।

তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি নিহতদের বাড়ি মান্দা থানার বিভিন্ন গ্রামে। আমাদের কাছে তথ্যগুলো আসছে আমরা তা সংগ্রহ করছি। নিহতদের নাম, পরিচয় ও পেশা এখনো জানা যায়নি। তাদের নাম-পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

এর আগে, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফোজিয়া হাবিব খান জানান, ভোর ৪টার দিকে রডসহ যাত্রীবোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। নিহতরা সবাই ট্রাকে চেপে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন বলে জানা গেছে।