জীবননগর সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
প্রকাশ : ২৫ মে ২০২৬, ১৭:১৪ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর সীমান্তবর্তী বাশারের আমবাগান থেকে ৪৪ বোতল ভারতীয় মদ ও ২৭২ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বিজিবি। গত রোববার (২৪ মে) রাত ৯টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমাদুর রহমানের নেতৃত্বে রাজাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর সীমান্তবর্তী বাশারের আমবাগানে ওত পেতে ছিলেন।
এ সময় ৩-৪ জন চোরাচালানি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। পরে তারা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়।
বস্তা তল্লাশি করে ৪৪ বোতল ভারতীয় মদ ও ২৭২ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। মাদকদ্রব্যগুলো জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সোমবার সকালে বিজিবি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
