রংপুরে পুলিশ বাজেট ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা

প্রকাশ : ২৫ মে ২০২৬, ২১:৪৪ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

বাংলাদেশ পুলিশের আর্থিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে পুলিশ সদর দপ্তরের অর্থ ও বাজেট শাখার উদ্যোগে রংপুরে “পুলিশ বাজেট ব্যবস্থাপনা পদ্ধতি” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে রংপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে একাডেমিক ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অর্থ ও বাজেট) আবু আহাম্মদ আল মামুন। সভাপতিত্ব করেন রংপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের পুলিশ সুপার (প্রশিক্ষণ) মো. আবু সায়েম প্রধান।

কর্মশালার শুরুতে প্রধান অতিথি বলেন, আধুনিক ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনাতেও দক্ষতা অর্জন জরুরি। তিনি বলেন, সুশাসন নিশ্চিত করতে সঠিক আর্থিক পরিকল্পনা ও তার কার্যকর বাস্তবায়নের বিকল্প নেই।

বাজেট প্রণয়ন ও ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে পুলিশ কমিশনার বলেন, বাজেট শুধু সংখ্যার হিসাব নয়, এটি একটি প্রতিষ্ঠানের পরিকল্পনা, দক্ষতা ও জবাবদিহিতার প্রতিফলন। তিনি বাস্তব চাহিদার ভিত্তিতে দায়িত্বশীলতার সঙ্গে বাজেট প্রস্তুতের আহ্বান জানান।

তিনি আরও বলেন, সরকারি অর্থ জনগণের আমানত। তাই প্রতিটি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব। সঠিক বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল হয় এবং জনগণের আস্থা বৃদ্ধি পায় বলেও মন্তব্য করেন তিনি।

কর্মশালায় আধুনিক আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল পদ্ধতি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে সম্যক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। নিজের চাকরি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে পুলিশ কমিশনার বলেন, বাস্তব অভিজ্ঞতা ও নিয়মকানুন সম্পর্কে পরিষ্কার ধারণা একজন কর্মকর্তাকে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলে।

তিনি কর্মশালায় অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, প্রশিক্ষণের মূল উদ্দেশ্য তখনই সফল হয়, যখন তা প্রাতিষ্ঠানিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়।

শৃঙ্খলা ও পেশাদারিত্বের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সব পুলিশ সদস্যকে পোশাকবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। একই সঙ্গে সিভিল কর্মকর্তা-কর্মচারীদেরও মার্জিত পোশাক ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে দাপ্তরিক পরিবেশের মর্যাদা বজায় রাখার আহ্বান জানান।

পুলিশ কমিশনার আরও বলেন, জনবান্ধব ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেই পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করা সম্ভব। তিনি মানসিক ও শারীরিক সুস্থতার ওপরও গুরুত্বারোপ করেন।

বক্তব্যের শেষাংশে তিনি সবাইকে জ্ঞান অর্জনের আগ্রহ বাড়ানোর আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মশালা ভবিষ্যতে বাংলাদেশ পুলিশের আর্থিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করতে সহায়ক ভূমিকা রাখবে।

কর্মশালায় রংপুর অঞ্চলের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা এবং অর্থ ও বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।