সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিশুর
প্রকাশ : ২৫ মে ২০২৬, ২১:৪৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত হয়েছে। তারা হলো, ওই উপজেলার মশিপুর গুচ্ছ গ্রামের আলমগীরের ছেলে আহম্মদ (৭) ও পাবনার সাথিয়া উপজেলার হলদিঘর গ্রামের সবুজ প্রামানিকের মেয়ে সারা খাতুন (৮)।
এ ঘটনায় একই পরিবারের আরও ৪ জন আহত হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার দুপুরের দিকে ওই মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে লবণবোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী সারা খাতুন ঘটনাস্থলেই নিহত হয় এবং তার বাবা, মা, ভাই ও বোন গুরুতর আহত হন। আহতদের ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুপুরে একই মহাসড়কের মশিপুর এলাকায় রাস্তা পার হচ্ছিল শিশু আহম্মদ। এ সময় ট্রাকচাপায় সে ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই শিশুর লাশ উদ্ধার করে। পরে কোনো অভিযোগ না থাকায় বিকেলে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
