বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী কামারুজ্জামান

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১৫:২৩ | অনলাইন সংস্করণ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও সাবেক ছাত্রশিবির নেতা মাওলানা কামারুজ্জামান কবিরের নাম।

মঙ্গলবার (২৬ মে) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক দায়িত্বশীল সভায় প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

এসময় তিনি বলেন, আমাদের পথ অনেক কঠিন। অনেক প্রতিবন্ধকতা মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। কারণ বর্তমান সরকার তাদের নির্বাচনি ওয়াদা ভুলে গিয়ে দেশ ও দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাই সামনের পৌরসভা, সিটি কর্পোরেশন ও স্থানীয় নির্বাচনে আমরা প্রতিটি এলাকায় আমাদের নিজস্ব প্রার্থী ঘোষণা করছি।

জামায়াতের এই নায়েবে আমির বলেন, নেতাকর্মীদের সজাগ থেকে মানুষের ভালোবাসা আদায় করে জনগণের পাশে থেকে আমাদের প্রার্থীদের বিজয়ী করতে হবে। কারণ শুধু এমপি দিয়ে হবে না, চেয়ারম্যান ও মেয়র স্থানীয় উন্নয়নে বড় একটি ভূমিকা পালন করে থাকেন। এ কারণে ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে মেয়রও আমাদের দলীয় লোককে বানাতে হবে। তাই এখন থেকে জনগণের পাশে গিয়ে আমাদের লোকজনের পক্ষে ভোট চাইতে হবে। আমাদের নেতাকর্মীদের দ্বারা কেউ যেন কোনো কষ্ট না পায়, বিষয়টি খেয়াল রাখতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুল গনি, উপজেলা নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহ মুহাম্মাদ রোস্তম আলীসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতারা।