তালায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১৫:২৬ | অনলাইন সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

মঙ্গলবার (২৬ মে) ভোর ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— তালা উপজেলার প্রসাদপুর গ্রামের মোটরসাইকেলচালক নাসিম ফকির (৩২) ও একই গ্রামের মেহেদী (২৫)।

স্থানীয়রা জানান, ভোরে নিজেদের খামারের জন্য মাছ আনতে চুকনগরের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন নাসিম ও মেহেদী। পথে তেতুলিয়া এলাকায় পৌঁছালে ১৮ মাইল এলাকা থেকে আসা ঢাকা মেট্রো-অ ১৪-১৫৫৪ নম্বরের একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাসিম ফকির নিহত হন। গুরুতর আহত অবস্থায় মেহেদীকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।