বরগুনায় প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১৬:১১ | অনলাইন সংস্করণ

  বরগুনা প্রতিনিধি

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বরগুনা সদর উপজেলা শাখার কমিটি গঠনকে কেন্দ্র করে গঠনতন্ত্র লঙ্ঘন, অর্থ লেনদেনে অনিয়ম ও শিক্ষকদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের নেতারা।

সোমবার (২৫ মে) রাত ৮টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান লিটন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষক সংগঠন। দীর্ঘদিন ধরে সংগঠনটি শিক্ষকদের অধিকার আদায় ও পেশাগত মর্যাদা রক্ষায় কাজ করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে বরগুনা সদর উপজেলা শাখায় গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে শিক্ষক সমাজের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গঠনতন্ত্র অনুযায়ী প্রতি চার বছর পরপর সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি গঠনের বিধান থাকলেও প্রায় ১৪ বছর ধরে বরগুনা সদর উপজেলা শাখার কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। ২০১০ সালে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হলেও সেই কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়নি।

অভিযোগ করা হয়, সাধারণ শিক্ষকদের মতামত উপেক্ষা করে গোপনে পছন্দের ব্যক্তিদের নিয়ে নতুন কমিটি অনুমোদনের চেষ্টা চলছে।

এ ছাড়া দীর্ঘদিন ধরে শিক্ষকদের কাছ থেকে সদস্য ফি ও বিভিন্ন খাতে চাঁদা আদায় করা হলেও তার স্বচ্ছ হিসাব প্রকাশ করা হয়নি বলেও দাবি করা হয়। সংগঠনের তহবিলের বিপুল পরিমাণ অর্থ লেনদেন নিয়ে প্রশ্ন তোলা হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের না জানিয়ে গোপনে সভার আয়োজন করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এতে শিক্ষক সমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে দাবি করেন নেতারা।

সংগঠনের পক্ষ থেকে গঠনতন্ত্র অনুযায়ী দ্রুত সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন, সংগঠনের আর্থিক হিসাব প্রকাশ, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনের শেষে নেতারা বলেন, দাবি বাস্তবায়নে প্রয়োজন হলে তারা পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করবেন।