তিস্তাপাড়ে ‘এক টাকায় ঈদের বাজার’ উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী
প্রকাশ : ২৬ মে ২০২৬, ১৭:০০ | অনলাইন সংস্করণ
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের তিস্তাপাড়ে অসহায় ও দুস্থ মানুষের জন্য গড়ে উঠেছে ‘ভালোবাসার বাজার’। যেখানে একদিনের জন্য এক টাকায় মিলছে ঈদের বাজার।
সোমবার সকালে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চিনাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বাজারের উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
জানা গেছে, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বিদ্যানন্দ ফাউন্ডেশন দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য ‘এক টাকার বাজার’-এর উদ্যোগ নেয়। বাজারটির নাম দেওয়া হয় ‘তিস্তাপাড়ে ভালোবাসার বাজার’। সেখানে অসহায় ও দুস্থরা এক টাকায় কিনতে পারছেন ঈদসামগ্রী।
বাজারের ক্রেতারা এক টাকার বিনিময়ে চাল, ডাল, চিনি, সয়াবিন তেল, আটা-ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং ঈদসামগ্রী সংগ্রহের সুযোগ পাচ্ছেন। তিস্তাপাড়ের পাঁচ শতাধিক হতদরিদ্র পরিবার এ বাজার থেকে এক টাকার বিনিময়ে ঈদসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করেছেন।
‘তিস্তাপাড়ে ভালোবাসার বাজার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “ঈদের আনন্দ যাতে সবার মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই বিদ্যানন্দ ফাউন্ডেশনের এ উদ্যোগ।”
ত্রাণমন্ত্রী আরও বলেন, “সমাজের বিত্তবানদেরও এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগগুলোও মানবিক সহায়তা কার্যক্রমকে আরও বেগবান করছে। দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এবং সামাজিক বৈষম্য কমাতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”
তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে ত্রাণমন্ত্রী বলেন, “এখন যারা তিস্তা নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে, তারা তিস্তার দুই কোটির মানুষের আন্দোলনের সময় কোথায় ছিলেন? তখন তো তাদের খুঁজে পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী বলেছেন, পদ্মা ব্যারেজও হবে, তিস্তা মহাপরিকল্পনাও হবে। এ সরকারের আমলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।”
তিস্তাপাড়ে ‘ভালোবাসার বাজার’ উদ্বোধন অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস, বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজক জামাল উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
