ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ইটাখোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
প্রকাশ : ২৬ মে ২০২৬, ১৮:১৫ | অনলাইন সংস্করণ
নরসিংদী প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ইটাখোলা সড়ক দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা, দোকানপাট ও হাটবাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নরসিংদীর ইটাখোলা মোড়ে এ অভিযান চালানো হয়।
নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাসেদুজ্জামানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আবদুর রহিম। এ সময় জেলা পুলিশ ও সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক দখলমুক্ত রাখতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) আবদুর রহিম।
তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কের পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং, ফুটপাত ও সড়ক দখল, যত্রতত্র যানবাহন থামানো এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এতে মহাসড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক রাখতে কাজ করছে প্রশাসন। প্রশাসনের দাবি, ঈদযাত্রা স্বস্তিদায়ক রাখতে প্রয়োজন অনুযায়ী আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
