রংপুরে এক মাসে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪২: আরপিএমপি

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১৯:১৫ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) মাদক, ছিনতাই ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে এক মাসে ৪৪২ জনকে গ্রেফতার করেছে। এ সময় মাদকদ্রব্য উদ্ধার করে জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তিনি আরপিএমপিতে যোগদানের পর থেকে পুলিশিং স্পিরিট বেড়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে গত এক মাসে ওয়ারেন্টভুক্ত আসামি ১১০ জন, মাদক মামলার আসামি ৮৭ জন এবং অন্যান্য মামলায় ২৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট ৪৪২ জনকে গত এক মাসে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পর গত এক মাসে ২০০টিরও বেশি মাদক মামলা হয়েছে। এ সময় ৮ কেজি গাঁজা, ১,৪৭৫ পিস ইয়াবা, ৮৮টি ফেনসিডিল, ৩.২ গ্রাম হেরোইন, ২৫ পিস মাফিন ইনজেকশন এবং ৩১ লিটার চোলাই মদ উদ্ধার ও জব্দ করা হয়েছে।

আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং এটি অব্যাহত থাকবে। এ সময় তিনি রংপুরবাসী ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, আরপিএমপি কমিশনার হিসেবে এক মাস আগে যোগদান করেন মোহাম্মদ আবদুল মাবুদ। যোগদানের পর থেকেই তিনি এই বিশেষ অভিযান পরিচালনা করছেন।

এদিকে, রংপুর নগরীর মাহিগঞ্জ কলাবাড়িতে পাটখেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বদিউজ্জামান নামে এক শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।