আলমডাঙ্গায় ৫০০ বোতল অ্যালকোহলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১৯:৪৯ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পশুহাট সংলগ্ন এলাকা থেকে ৫০০ বোতল অ্যালকোহলসহ সোহাগ আলী (৫০) ও তুষার (৬৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আটক সোহাগ আলী সদর উপজেলার ভীমরুল্লাহ গ্রামের মৃত জয়নালের ছেলে এবং তুষার আলমডাঙ্গা উপজেলা শহরের মারফুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে আলমডাঙ্গা থানার এসআই মানিক কুমার সিকদার সঙ্গীয় ফোর্সসহ কৃষ্ণপুর গ্রামস্থ মুন্সিগঞ্জ পশুহাট সংলগ্ন মেসার্স হোসেন ফার্মেসির সামনের পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনা করেন।

চেকপোস্ট চলাকালে একটি পাখিভ্যান তল্লাশি করে ৫০০ বোতল মাদকদ্রব্যসহ সোহাগ আলী ও তুষারকে আটক করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আটককৃতদের দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।