কৃষি জমি রক্ষা করে উন্নয়ন কাজের আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশ : ২৭ মে ২০২৬, ১৭:৫৩ | অনলাইন সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কৃষি জমির পরিমাণ দিন দিন কমে আসছে, যা দেশের জন্য সুখকর নয়। তাই উন্নয়ন কাজ করতে গিয়ে কৃষি জমি যেন নষ্ট না হয়, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।

বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার জামালপুর ইউনিয়নে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থান ঘুরে দেখেন তিনি।

মন্ত্রী বলেন, “আমি সব সময় বলেছি, আমরা যতটা সম্ভব কৃষি জমি নষ্ট করবো না। প্রয়োজনে উর্ধ্বমুখী স্থাপনা নির্মাণের দিকে যেতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কৃষির ওপর নেতিবাচক প্রভাব না পড়ে।”

তিনি আরও বলেন, সরকারের উন্নয়নমূলক কোনো কাজে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. ইস্রাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পরিদর্শন শেষে মির্জা ফখরুল জেলার আরও কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের স্থান পরিদর্শন করেন।