নওগাঁ ব্লাড সার্কেলে নতুন কমিটি গঠন, নেতৃত্বে রক্সি-রিজভী

প্রকাশ : ২৭ মে ২০২৬, ২১:৩৯ | অনলাইন সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন নওগাঁ ব্লাড সার্কেলের বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ রক্সিকে সভাপতি এবং রিজভী আহম্মেদ রিজোয়ানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বুধবার (২৭ মে) নওগাঁ শহরের পঞ্চভাই হোটেল অডিটোরিয়ামে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটি গঠন ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করা হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মুহাম্মদ ফরহাদ আলম, সহ-সভাপতি মো. তারিকুল ইসলাম ও মীর রাগীব মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আবরার রাকিন ও মো. রাহাদ হোসেন আকাশ, সাংগঠনিক সম্পাদক মো. রাফিউল বারি রাজন, সহ-সাংগঠনিক সম্পাদক মুমিনুল ইসলাম সিহাব ও নূর মোহাম্মদ রাফি, কোষাধ্যক্ষ মো. সোহানুর আমিন, প্রচার সম্পাদক মো. সাব্বির আহমেদ, সহ-প্রচার সম্পাদক মো. রাকিব হোসেন, সমাজসেবা সম্পাদক জয়ন্ত কুমার, দপ্তর সম্পাদক আবু তালহা এবং শিক্ষা বিষয়ক সম্পাদক নির্জন দাস নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রায়হান, এহেতেশাম আলী রুহান, সাদিক, শিহাব হোসেন, আতাবুর রহমান ও এম এ ত্বলহা জুবায়ের।

নবনির্বাচিত সভাপতি শাহনেওয়াজ রক্সি বলেন, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে নওগাঁ ব্লাড সার্কেল এখন পর্যন্ত ৬ হাজার ৩০০ ব্যাগের বেশি রক্তদান করেছে। সংগঠনটি রক্তদানে সচেতনতা বৃদ্ধি, দুঃস্থ রোগীদের সহায়তা, ফ্রি মেডিকেল ক্যাম্প, দুর্যোগে ত্রাণ সহায়তা, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ রিজোয়ান জানান, ২০২৫ সালে এক বছরে সংগঠনটি ৪৫৮ ব্যাগ রক্তদান করেছে। এ ছাড়া ৯৫২ জনের রক্তের গ্রুপ নির্ণয়, ৩৭ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ৮৩ জনকে শীতবস্ত্র, ২৩ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ, ২১৫ জনকে ইফতার এবং ৪৬ জন নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে একটি সেমিনার আয়োজন করা হয়।

দায়িত্ব হস্তান্তর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সমাজসেবক রেজানূর রহমান বিরো। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আব্দুল মুয়ীদ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোমেনা খাতুন তিতলি, স্থায়ী কমিটির সদস্য রবিউল সরদার, তানজিম বিন বারী, আবু সিয়াম শিথিল এবং সাবেক সভাপতি নাহিদ হাসান।

অতিথিরা স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।