সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
প্রকাশ : ৩০ মে ২০২৬, ১০:১৪ | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি

সাংবাদিকতাকে অত্যন্ত চ্যালেঞ্জিং পেশা হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সঠিক সাংবাদিকতা করতে গিয়ে বিগত সরকারের আমলে বাংলাদেশে কমপক্ষে ৫০০ জন সাংবাদিক নিহত হয়েছেন। এমন কোনো জায়গা নেই, যেখানে সাংবাদিকরা নির্যাতিত হন না।”
শুক্রবার (২৯ মে) দুপুর ১২টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাব আয়োজিত জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সাংবাদিকতা একটি অত্যন্ত চ্যালেঞ্জিং পেশা। এর চেয়ে বেশি চ্যালেঞ্জিং পেশা আছে বলে আমার জানা নেই। তাই সাংবাদিকদের অনেক কঠিন কাজ করতে হয়।”
বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইতোমধ্যে অনেক সাংবাদিক প্রাণ হারিয়েছেন। আর বাংলাদেশে সত্য সংবাদ প্রকাশের ফলে তা যদি প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে যায়, তাহলে সাংবাদিকদের ওপর নির্যাতন নেমে আসে।
তিনি বাংলাদেশ ও ভারতবর্ষের সাংবাদিকতার ইতিহাসের প্রসঙ্গ তুলে ধরে বলেন, অতীতে অনেক সাংবাদিক ছিলেন, যারা সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ প্রসঙ্গে তিনি দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়ার উদাহরণ তুলে ধরেন।
সাংবাদিকদের নিজেদের মধ্যে বিভেদ ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “সাংবাদিকদের মধ্যে বিভক্তি তৈরি না করে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
মতবিনিময় সভায় মির্জা ফখরুল সরকারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিকও সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আয়োজিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
