প্রধান বিচারপতির উদ্যোগে রামিশা মামলার দ্রুত বিচার সম্ভব: ব্যারিস্টার খোকন
প্রকাশ : ৩০ মে ২০২৬, ১০:১৮ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

শিশু রামিশা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার এবং রায় কার্যকরের বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, প্রধান বিচারপতি ও আইন মন্ত্রণালয়ের উদ্যোগে স্পেশাল বেঞ্চ গঠন করা হলে রামিশা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার সম্ভব হবে।
শুক্রবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ীতে নিজ বাসভবনে ঈদের দ্বিতীয় দিনে তাঁর নির্বাচনী এলাকা সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের বিচারব্যবস্থার দীর্ঘ প্রক্রিয়ার কারণে অনেক সময় বিচারকাজে বিলম্ব হয়ে থাকে। তবে প্রধান বিচারপতি ও আইন মন্ত্রণালয়ের আন্তরিকতায় স্পেশাল বেঞ্চ গঠন করে রামিশা ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। এর মাধ্যমে দেশের মানুষ আইন ও বিচারব্যবস্থার প্রতি আস্থা ফিরে পাবে বলে তিনি মনে করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম মুন্সি, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আজাদ হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
