যৌতুকের টাকার দাবিতে গৃহবধূর চুল কেটে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ২
প্রকাশ : ৩০ মে ২০২৬, ১০:২৪ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ও ননদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই নির্যাতনের ঘটনার পর অভিযুক্ত স্বামী চাঁদ আলী খাঁ ও ননদ সান্তনা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চাঁদ আলী খাঁ পেশায় একজন ইটভাটার শ্রমিক। তিনি উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের মৃত হাবিবুর রহমান হবি খাঁর ছেলে। এর আগে, গত রোববার (২৪ মে) সকাল ৮টার দিকে ওই গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহবধূ জানান, যৌতুক হিসেবে ইতিপূর্বে ১ লাখ ৫০ হাজার টাকার জন্য স্বামী চাঁদ আলী খাঁ ও ননদ সান্তনা খাতুন চাপ দিলে তার বাবা সেই টাকা দেন। পরে আবারও স্বামী ও ননদ টাকার জন্য চাপ দেন। এতে সাড়া না দেওয়ায় স্বামী ও তার বোন প্রায়ই তাকে মারধর করতেন। বিয়ের পর থেকেই প্রায়শই এমন নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগী তানিয়া খাতুন অভিযোগ করে বলেন, “আমার স্বামীকে সময়মতো বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। একপর্যায়ে আমার ননদ সান্তনা খাতুনের সহযোগিতায় চুল কাটার মেশিন দিয়ে আমার মাথার চুল কেটে দেয়।”
ঘটনার পর পরিবারের সদস্যরা তানিয়া খাতুনকে উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে যান। এ সময় তিনি স্বামী চাঁদ আলী খাঁ ও ননদ সান্তনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামি চাঁদ আলী খাঁ ও সান্তনা খাতুনকে বাবুলচারা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
