বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পদ্মায় নিখোঁজ, ২০ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

প্রকাশ : ৩০ মে ২০২৬, ১৮:৩২ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া রিফাত হাসান রক্তিম (৩৫) নামে এক যুবকের মরদেহ প্রায় ২০ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার দুপুরে হার্ডিঞ্জ ব্রিজসংলগ্ন পদ্মা নদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

নিহত রিফাত পাবনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দিলালপুর এলাকার জাকির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে কয়েকজন বন্ধু মিলে হার্ডিঞ্জ ব্রিজের নিচে একটি নৌকা ভাড়া করে নদীতে ঘুরতে বের হন। এ সময় তারা নৌকায় বসে মদ্যপান করছিলেন। একপর্যায়ে সবাই অনেকটা নেশাগ্রস্ত হয়ে পড়েন। এর মধ্যে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে নৌকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় রিফাত নদীতে পড়ে যান।

বন্ধুকে উদ্ধার করতে তার দুই সঙ্গীও নদীতে ঝাঁপ দেন। তবে প্রবল স্রোতের কারণে তিনজনই পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়দের খবরে নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে উদ্ধার করে। তবে রিফাত নিখোঁজ ছিলেন।

লক্ষ্মীকুণ্ডা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, কয়েকজন বন্ধু মিলে নৌকা ভাড়া নিয়ে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ঝড়-বৃষ্টি শুরু হলে কয়েকজন নদীতে পড়ে যান। খবর পেয়ে নৌপুলিশ অভিযান চালিয়ে দুইজনকে উদ্ধার করলেও একজনকে খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে নৌপুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান। তবে পদ্মার প্রবল স্রোতের কারণে ডুবুরি দল ছাড়া মাঝনদীতে কার্যকর অভিযান চালানো সম্ভব হচ্ছিল না। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

শনিবার দুপুরে ডুবুরি দল হার্ডিঞ্জ ব্রিজসংলগ্ন নদী এলাকা থেকে রিফাত হাসান রক্তিমের মরদেহ উদ্ধার করে।