সিরাজগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ : ৩০ মে ২০২৬, ২৩:২৬ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার ভুরভুরিয়া গ্রামে বন্ধুর ছুরিকাঘাতে কলেজছাত্র শাকিল (২৫) নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশ-কে জানান, নিহত কলেজছাত্রের সঙ্গে অভিযুক্তের পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ঈদের দিন বৃহস্পতিবার দুপুরে ওই কলেজছাত্রের ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

এদিকে কলেজছাত্র নিহতের ঘটনায় ঈদের পরের দিন শুক্রবার সকালে ছোনগাছা বাজারে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে ছাত্র-জনতা। মানববন্ধন থেকে ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়। এতে বাজার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দেয়। এ আশ্বাসের পর সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়।