নেত্রকোনায় বাসচাপায় অটোরিকশাযাত্রী মা ও দুই মেয়ে নিহত
প্রকাশ : ৩১ মে ২০২৬, ১৫:০৪ | অনলাইন সংস্করণ

নেত্রকোণায় যাত্রীবাহী বাসের চাপায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক মা ও তার দুই মেয়ে রয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– নূরজাহান বেগম (৪০), তার বড় মেয়ে স্মৃতি আক্তার (১৬) ও ছোট মেয়ে ইতি আক্তার (১০)। তারা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি বাস চল্লিশা বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা ছয় যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর সাথে সাথে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ঘটনাস্থলে এখন পর্যন্ত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পারলেও বাকি দুইজনের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাননি।
