ঈদ ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে ফের আমদানি-রফতানি শুরু

প্রকাশ : ০১ জুন ২০২৬, ১৭:১৮ | অনলাইন সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

এর আগে, গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বাংলাদেশ-ভারতের মধ্যে সাতক্ষীরার ভোমরা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল।

তবে এ সময় ভোমরা-ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (১ জুন) দুপুরে ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বিষয়টি নিশ্চিত করে জানান, ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনার মাধ্যমে উভয় দেশের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, ঈদের ছুটি শেষে সোমবার (১ জুন) থেকে বন্দরে আবারও স্বাভাবিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) তুফান মণ্ডল জানান, ঈদুল আজহা উপলক্ষে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। পাসপোর্টধারী যাত্রীরা নিয়মিত যাতায়াত করেছেন।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মামুন কবীর তরফদার বলেন, ঈদকে কেন্দ্র করে সাময়িক বিরতির পর আজ থেকে বন্দরের সব কার্যক্রম আবারও পুরোদমে চালু হয়েছে।

ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মুশফিকুর রহমান জানান, সরকারি ছুটি ছাড়া কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম চলমান ছিল। আজ থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।