এফওএইচ ইউএসএর সহযোগিতায় ৩ জেলায় কোরবানির মাংস বিতরণ
প্রকাশ : ০১ জুন ২০২৬, ১৯:৪৪ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

ফ্রেন্ডস অব হিউম্যানিটি (এফওএইচ), ইউএসএর আর্থিক সহযোগিতায় রংপুর, নীলফামারী ও ঢাকা জেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির মাংস বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা জেলার মিরপুর ও মোহাম্মদপুর এলাকার বস্তিবাসীদের মাঝে ৭টি গরু ও ২টি ছাগল কোরবানির মাধ্যমে ২৪৫ জনের মধ্যে মাংস বিতরণ করা হয়।
অপরদিকে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় ২৩টি গরু ও ৩৩টি ছাগল কোরবানির মাধ্যমে এফওএইচ স্কুল প্রজেক্টের আওতাধীন ৫টি প্রাথমিক বিদ্যালয়, ১টি উচ্চ বিদ্যালয়, ১টি কোচিং সেন্টার এবং ১টি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের পরিবারসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।
এফওএইচ স্কুল প্রজেক্ট, সৈয়দপুরের প্রকল্প সমন্বয়ক আব্দুল লতিফ জানান, সংস্থাটির পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আওতাভুক্ত প্রায় ১ হাজার ৩০০ জন উপকারভোগীর প্রত্যেককে ১ কেজি ২০০ গ্রাম করে গরু ও ছাগলের মাংস বিতরণ করা হয়েছে।
সৈয়দপুর উপজেলার গোলাহাটস্থ এফওএইচ স্কুল প্রাঙ্গণে এই মাংস বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এদিকে রংপুর নগরীর রবার্টসগঞ্জস্থ এফওএইচ প্রাইমারি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং শতাধিক অসহায় বস্তিবাসীর মাঝে ৫টি গরু ও ১০টি ছাগল কোরবানির মাধ্যমে মাংস বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন এফওএইচ ইউএসএর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সৈয়দ ওসামা জালাল, এফওএইচ স্কুল প্রজেক্ট, সৈয়দপুরের প্রকল্প সমন্বয়ক আব্দুল লতিফ, হিড-এর নির্বাহী পরিচালক মো. হারুন অর রশিদ, হিড-এর চেয়ারম্যান এম এ বারী, সহকারী পরিচালক মো. শরফুদ্দিন, ভাইস চেয়ারম্যান এম এ আউয়াল, কোষাধ্যক্ষ ওয়াকিল আহমেদ মুন্নাসহ এফওএইচ স্কুলের সকল শিক্ষকবৃন্দ।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
