জীবননগরে এক ডজন মামলার আসামিসহ গ্রেফতার ৩
প্রকাশ : ০২ জুন ২০২৬, ১৬:৪০ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক ডজন মামলার আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২ জুন) ভোরের দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের শামসুল হকের ছেলে, ডাকাতি মামলাসহ এক ডজন মামলার আসামি সুজাত শেখ (৩৫), একই এলাকার মৃত হবির ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল জলিল (৫৯) এবং উপজেলা শহরের হাসপাতাল পাড়ার মৃত সিরাজুল ইসলামের স্ত্রী রিনা সুলতানা (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরের দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের পৃথক পৃথক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
