গোয়ালন্দে সংরক্ষিত নারী এমপি নূরন্নিসা সিদ্দিকাকে সংবর্ধনা

প্রকাশ : ০২ জুন ২০২৬, ১৮:০৭ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরন্নিসা সিদ্দিকার আগমন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কেউটিল এলাকার হাজীবাড়ী মসজিদ মাঠ প্রাঙ্গণে হাজীবাড়ী সমাজকল্যাণ পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা তেজগাঁও কলেজের সাবেক অধ্যাপক শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জালালউদ্দিন, কেন্দ্রীয় শূরা সদস্য ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট নুরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফরিদপুর আঞ্চলিক টিমের সদস্য মো. শামসুল আল বরাটী, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের ফরিদপুর আঞ্চলিক দায়িত্বশীল নেত্রী নাজমুনন্নেসা এবং গোয়ালন্দ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম আজম মীর মালত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক মেহেদুল হাসান আক্কাসসহ দলীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নূরন্নিসা সিদ্দিকা বলেন, দেশের বিচারব্যবস্থাকে সময়োপযোগী ও আধুনিকায়ন করা প্রয়োজন।

তিনি বলেন, “বাংলাদেশ এখন আধুনিক রাষ্ট্রে পরিণত হয়েছে। সেই প্রেক্ষাপটে বিচার ও রাষ্ট্র পরিচালনার কাঠামোও যুগোপযোগী হওয়া জরুরি। আমরা চাই আধুনিক ও কোরআনের আদর্শভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দেশ পরিচালিত হোক।”

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।