মে মাসে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড
প্রকাশ : ০২ জুন ২০২৬, ১৯:৩১ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ইতিহাসে একক মাস হিসেবে মে ২০২৬-এ সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিংয়ের এক নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। আলোচ্য টার্মিনালে বন্দরের পরিচালনা বোর্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল) এর ব্যবস্থাপনায় এই ঐতিহাসিক রেকর্ড অর্জিত হয়।
সদ্য সমাপ্ত মে ২০২৬ মাসে এনসিটিতে মোট ১,২৬,৪৯৬ (এক লক্ষ ছাব্বিশ হাজার চারশত ছিয়ানব্বই) টিইইউস (TEUs) কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে, যা এনসিটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ।
এই হিসাবে টার্মিনালটিতে দৈনিক গড়ে ৪,০৮১ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে। মে ২০২৬ মাসের কন্টেইনার হ্যান্ডলিংয়ের বিস্তারিত পরিসংখ্যান:
* ইমপোর্ট (আমদানি): ৫৯,৮৫১ টিইইউস
* এক্সপোর্ট (রপ্তানি): ৬৬,৬৪৫ টিইইউস
* সর্বমোট হ্যান্ডলিং: ১,২৬,৪৯৬ টিইইউস
উল্লেখ্য, গত ০৭ জুলাই ২০২৫ খ্রিঃ থেকে সিডিডিএল চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালের অপারেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর থেকেই টার্মিনালটির কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রমে এক অভূতপূর্ব গতিশীলতা ও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সিডিডিএল-এর সদস্যগণ জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রাইজ পয়েন্ট, সিএন্ডএফ শেডসহ এনসিটির সকল প্রবেশ ও বহির্গমন গেটে অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। এর ফলে কন্টেইনার খালাস ও লোডিং প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি ত্বরান্বিত হয়েছে।
এর আগে, এনসিটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ডটি হয়েছিল গত অক্টোবর ২০২৫ মাসে, যার পরিমাণ ছিল ১,২৫,৫৩৩ টিইইউস। মে ২০২৬-এর এই নতুন রেকর্ডের মাধ্যমে পূর্বের সেই রেকর্ডটি ভেঙে গেল।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, বন্দর ও সিডিডিএল-এর কর্মকর্তা ও কর্মচারীদের এই প্রশংসনীয় ও যুগান্তকারী ভূমিকা দেশের প্রধান সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যে অত্যন্ত ইতিবাচক ও সুদূরপ্রসারী অবদান রেখে চলেছে।
