নোংরা পরিবেশে পণ্য তৈরি, ফ্যাক্টরিকে ৬০ হাজার টাকা জরিমানা

প্রকাশ : ০২ জুন ২০২৬, ২২:০০ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি সামগ্রী তৈরি এবং শিল্পে ব্যবহৃত লবণ ব্যবহারের অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেসার্স টি জে ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজার এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য তথ্য না থাকা, আয়োডিনবিহীন শিল্পে ব্যবহৃত লবণ ব্যবহার এবং অপরিচ্ছন্ন জায়গায় বেকারি সামগ্রী তৈরি ও সংরক্ষণ করার কারণে তারিকুল ইসলামের প্রতিষ্ঠান মেসার্স টি জে ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সমাধান করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া তদারকিকালে সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বা শিশু খাদ্য বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের সচেতন ও নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম।

অভিযান শেষে মানসম্মত খাবার তৈরির জন্য নির্দেশনা দেওয়া হয়। এ সময় ব্যবসা পরিচালনায় অসদুপায় অবলম্বনের বিষয়ে সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দলটি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।