লালমোহনে পুকুরে ডুবে দেড় বছর বয়সী দুই শিশুর মৃত্যু

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ২১:২৬ | অনলাইন সংস্করণ

  ভোলা প্রতিনিধি

ভোলার লালমোহনে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে জাইমা ও মো. শাহাদাত নামের দেড় বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বদরপুর ও কালমা ইউনিয়নে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

মৃত জাইমা উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীরচর এলাকার মো. জামশেদের মেয়ে এবং মো. শাহাদাত উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোরাবগঞ্জ এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘরের কাজে ব্যস্ত ছিলেন শিশুদের স্বজনরা। এ সময় শিশুরা পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বেরিয়ে এসে খেলা করতে করতে বাড়ির পুকুরে পড়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে ওই দুই শিশুকেই তাদের বসতঘরের পাশের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত্যু ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ শিশুদের স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ দুই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’