আলমডাঙ্গায় ইজিবাইক উল্টে গৃহবধূর মৃত্যু

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ২১:২৯ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী সড়কের খাজার মোড় নামক স্থানে ইজিবাইক উল্টে শাহানারা খাতুন (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

আজ বুধবার (৩ জুন) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহানারা খাতুন উপজেলার চিৎলা গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শাহানারা খাতুন নিজ গ্রাম চিৎলা থেকে ইজিবাইকে করে আসমানখালী যাওয়ার পথে খাজার মোড় নামক স্থানে পৌঁছান। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে ইজিবাইকটি রাস্তার পাশে একটি কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ইজিবাইকের চাপায় শাহানারা খাতুন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় ইজিবাইক চালক ইজিবাইক ফেলে পালিয়ে যায়।

চিৎলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।