সিরাজগঞ্জ কারাগারে ঈদ আনন্দে উন্নতমানের খাদ্য ও বস্ত্র বিতরণ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ২০:৩৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা কারাগারে পুরুষ ও মহিলা কারাবন্দিদের মাঝে লুঙ্গি, শাড়ি এবং শিশুদের নতুন জামাকাপড় বিতরণ করা হয়েছে। ঈদের আগের দিন এসব সামগ্রী বিতরণের পাশাপাশি ঈদের দিন কারাবন্দিদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা কারা কর্তৃপক্ষ সবার জীবনে ঈদের আনন্দ বয়ে আনতে এ উদ্যোগ গ্রহণ করে।

মানবিক মূল্যবোধ ও আনন্দ ভাগাভাগির অংশ হিসেবে কারাগারে অবস্থানরত বন্দি ও তাদের শিশু সন্তানদের ঈদের আনন্দ উপভোগের সুযোগ করে দেওয়া হয়।

ঈদের দিন কারাবন্দিরা জেলা কারাগার মাঠে ঈদের জামায়াত আদায় করেন। এছাড়া মহিলা বন্দিদের জন্য আনন্দঘন মেহেদী উৎসবের আয়োজন করা হয়। ঈদের জামায়াতের আগে রঙিন বেলুন উড়ানো ও খেলাধুলার আয়োজন করা হলে শিশুরা আনন্দে মেতে ওঠে। দেশীয় খেলাধুলার মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে ওঠে জেলা কারাগার।

ঈদের দিন বিকেলে কারাগারের অভ্যন্তরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেল সুপার রফিকুল ইসলাম।

এদিকে ঈদের পরদিন বন্দিদের স্বজনদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সৌহার্দ্য ও আন্তরিকতার অংশ হিসেবে ওয়েলকাম ড্রিংকস পরিবেশন করা হয়।

এছাড়াও কারা কর্মকর্তাদের সঙ্গে বন্দিদের স্বজনরা সেলফি তোলেন। বন্দি মহিলা ও শিশুদের মিঠাই দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে জেলার দিলীপ কুমার রায়, ডেপুটি জেলার ইকবাল মাহমুদ রুমান, হিসাবরক্ষক মোয়াজ্জেম হোসেন, সাদেকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।