দামুড়হুদায় পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ২১:০৯ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর ওমর আলী (৫৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওমর আলী উপজেলার নতিপোতা গ্রামের নুহু নবী শেখের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ মে সকাল সাড়ে ৬টার দিকে পুত্রবধূর শিশু সন্তানকে নিয়ে আসার জন্য শ্বশুর ওমর আলী ঘরে যান। এ সময় তিনি জোরপূর্বক মুখ চেপে ধরে পুত্রবধূকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।
পরিবারের কাছে বিচার চেয়েও কোনো প্রতিকার না পেয়ে ভুক্তভোগী গৃহবধূ গত ২১ মে তার বাবার বাড়ি রংপুরে চলে যান। পরে ২২ মে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
ঘটনার ১৫ দিন পর বুধবার দিবাগত রাতে ধর্ষিতা নিজেই বাদী হয়ে শ্বশুর ওমর আলীর নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর বৃহস্পতিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে ওমর আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
