কিশোরগঞ্জে দ্রুতগামী পিকআপের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ২১:২৬ | অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পিকআপ ভ্যানের চাপায় স্থানীয় এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া বাইপাস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস শিকদার (৪৫) পাকুন্দিয়া পৌর সদরের চরপাকুন্দিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইসিসজনিত রোগে ভুগছিলেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আরিফুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে বাড়ির পাশে সড়কের ধারে হাঁটছিলেন ফেরদৌস শিকদার। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী মুরগিবাহী পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
