লাইসেন্স না থাকায় ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ২১:৩৩ | অনলাইন সংস্করণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈধ লাইসেন্স না থাকায় দুটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ও অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৪ জুন) আনুমানিক বেলা ১১:৩০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত ঈশ্বরগঞ্জ হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।
আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল স্থানীয় ‘নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টার’ এবং ‘আধুনিক ল্যাব ওয়ান’ (আধুনিক ডায়াগনস্টিক সেন্টার)। দুপুরে হাসপাতাল এলাকার ওই প্রতিষ্ঠান দুটিতে আকস্মিক অভিযান চালানো হয়।
এ সময় বৈধ কোনো কাগজপত্র প্রদর্শন করতে না পারায় ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২’ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে সীলগালা করা হয়।
একই সঙ্গে ‘নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টার’-কে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন এবং নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান জানান, জনস্বার্থে এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবায় অনিয়ম রোধে উপজেলার সকল অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
