শেরপুরে বালু দস্যুদের হামলায় বিট কর্মকর্তাসহ আহত ২
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ২১:৩৬ | অনলাইন সংস্করণ
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকায় বালু দস্যুদের হামলায় এক বিট কর্মকর্তাসহ দুইজন আহত হয়েছেন। তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন— গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান এবং ফরেস্ট গার্ড জিয়াউল হক।
ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক আরএসবি তানভীর আহমেদ ইমন জানান, বুধবার ভোরে রাংটিয়া রেঞ্জের গজনী বন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের সময় এক ট্রলি বালুসহ চালককে আটক করে ঝিনাইগাতী থানায় দেওয়া হয়। পরবর্তীতে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।
এর জের ধরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে বালু দস্যুরা গজনী বিটের বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান ও ফরেস্ট গার্ড জিয়াউল হক নিয়মিত টহলে বের হলে পূর্বপরিকল্পিতভাবে বনের নকশী এলাকায় ফরহাদ, রোমান ও জামান মোল্লাসহ ২০-২৫ জন বালু দস্যু দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে।
এ সময় তাদের ডাক-চিৎকারে আশপাশের এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে বালিজুরি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়াসহ অন্যান্য বিটের বন কর্মকর্তারা ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বন কর্মকর্তাদের ওপর বালু দস্যুদের হামলার খবর পেয়ে রাত ১২টার দিকে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জেলা সদর হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপস্থিত বন কর্মকর্তাদের আশ্বাস দেন।
এ বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, “এ ঘটনায় মামলার কার্যক্রম চলমান রয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
