সাতক্ষীরায় স্বামী পরিত্যক্ত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১৪:৩২ | অনলাইন সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় স্বামী পরিত্যক্ত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে পুরাতন সাতক্ষীরা জিএন সরকারি প্রাইমারি স্কুল-সংলগ্ন নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নারীর নাম ওহিদা সুলতানা শিমু (৪০)। তিনি সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত মিয়ারাজ আলীর মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, স্বামীর কাছ থেকে ডিভোর্স হওয়ার পর ওহিদা সুলতানা শিমু পুরাতন সাতক্ষীরা জিএন সরকারি প্রাইমারি স্কুল-সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত বাড়িতে বসবাস করতেন। তিনি মাদকাসক্ত ছিলেন।

বৃহস্পতিবার রাতে ঘরের মধ্যে শিমুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ধারণা করা হচ্ছে, একদিন আগেই তার মৃত্যু হয়েছে। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”